ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জাতিসংঘের ১৬ কর্মীকে আটক করেছে ইথিওপিয়ার

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে জাতিসংঘের ১৬ কর্মীকে আটক করা হয়েছে। যদিও পরবর্তীকালে তাদের মধ্যে ছয়জনকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। ফলে এখনো আটক রয়েছেন আরও ১০ জন। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার (৯ নভেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। খবর আল-জাজিরার।


তিনি বলেছেন, এখনো যারা আটক রয়েছেন তাদের দ্রুত মুক্তির জন্য ইথিওপিয়ান সরকারের সঙ্গে আলোচনা চলক্সহে। কেন তাদেরকে আটক করা হয়েছে সে সম্পর্কে দেশটির সরকার এখনো জাতিসংঘকে কোনো ব্যাখ্যা দেয়নি।


স্টিফেন ডুজারিক আরও বলেন, আটককৃত ব্যক্তিরা সকলেই ইথিওপিয়ার নাগরিক। আটকের পর জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এরই মধ্যে ঘটনাটির জন্য তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ওয়াশিংটন জাতিসংঘের কর্মকর্তাদের আটকের বিষয়ে সতর্ক রয়েছে।


যদিও বিষয়টি নিয়ে ইথিওপিয়ার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


গত মঙ্গলবার স্থানীয় সময় ইথিওপিয়ায় পুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। টাইগ্রের বিদ্রোহীদের আমহারা অঞ্চলের দুটি এলাকা দখলে নেওয়ার দাবি করার পর রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার শঙ্কায় ঘোষণাটি দেয় কর্তৃপক্ষ।


বিশ্লেষকদের মতে, দীর্ঘ ছয় মাসের জন্য গোটা দেশে জরুরি অবস্থা কার্যকর করে ইথিওপিয়ার সরকার। ফলে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ও পণ্য পরিবহন কার্যত অচল হয়ে পড়ে। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেসব এলাকায় কারফিউ জারি রয়েছে। এতে ঘর থেকে বের হলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে নাগরিকদের। কথিত সন্ত্রাসীদের সঙ্গে কারো সম্পৃক্ততার সন্দেহ হলে সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।


উল্লেখ্য, সম্প্রতি টাইগ্রের বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমহারা অঞ্চলের দেসি ও কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নেয় বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ এই শহর দুটি রাজধানী আদ্দিস আবাবা থেকে চারশ কিলোমিটার দূরে অবস্থিত।

ads
ads
ads

Our Facebook Page

↑